বুকে তুলে নিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশায় উঁকি দেয় টুকটুকে মুখ

খালি পায়ে ঘাসে হাঁটা অবারিত সুখ

রূপকথা হীরাদানা করে চিকচিক

ঝরাপাতা কত্থক নাচের হিড়িক

উত্তুরে বাতাসের হিমেল পরশ

ডালিয়া সূর্যমুখী গাঁদা কসমস

ফুলে ফুলে প্রজাপতি মধু সন্ধান

গুনগুন মৌমাছি ভ্রমরের গান

ফুলকপি বাঁধাকপি বরবটি শিম

পাখির পালকে মাখা পরিযায়ী হিম

খেজুরের রস ঝরে টুপ টুপ টুপ

মার হাতে পিঠাপুলি কী যে অপরূপ

সারা রাত কাঁথামুড়ি নিশ্চুপ চাঁদ

আকাশের মাঠে হোক রোদের আবাদ

আঁকাবাঁকা নদীসাপ ভারি ক্ষীণকায়

হলুদিয়া ফুলশাড়ি দোলে কার গায়

দূরে কোথা শালিকের দোয়েলের শিস

শীতে কাঁপা ছানাটাকে বুকে তুলে নিস

অনুরাগে তনু জাগে গোধূলির গীত

কিছুদিন থাকো আরও বাংলার শীত!